দুর্বৃত্তের গুলিতে মৃত্যু
মুসাব্বিরের মরদেহ নেওয়া হবে নয়াপল্টনে, বাদ জোহর জানাজা

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ রাজধানীর নয়াপল্টনে নেওয়া হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান অফিস কর্মকর্তা মুহা. রেজাউল করিমের পাঠানো এক বার্তায় তথ্যটি নিশ্চিত করা হয়।
এর আগে গত বুধবার রাত ৮টা ২০ মিনিটের সময় বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে তাকে গুলি করা হয়। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।
জানা গেছে মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫টি গুলি করেছে। তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি সাহপাতালে নেয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন।
পুলিশ বলছে, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































