রাজউকের ফ্ল্যাট বরাদ্দের লটারি ৪ আগস্ট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন পরিত্যক্ত বাড়ি ও ফ্ল্যাট বরাদ্দের লটারির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় রাজউক ভবনের অডিটোরিয়ামে এ লটারি অনুষ্ঠিত হবে।
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজউকের আওতাধীন ৯টি পরিত্যক্ত বাড়ি প্রকল্পের আওতায় থাকা বাড়ি এবং হাতিরঝিল অ্যাপার্টমেন্ট প্রকল্পের (বিল্ডিং-০১) ফ্ল্যাট বরাদ্দের জন্য এ লটারি আয়োজন করা হচ্ছে।
লটারির আওতাভুক্ত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—রূপসা (গুলশান), ইরাবতী (গুলশান), নাফ (মোহাম্মদপুর), ধলেশ্বরী (ধানমন্ডি)সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্প।
রাজউক জানিয়েছে, লটারি কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হবে। সংশ্লিষ্ট সব আবেদনকারী অথবা তাদের অনুমোদিত প্রতিনিধিদের নির্ধারিত সময়ের আগেই রাজউক অডিটোরিয়ামে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
লটারি বিষয়ক প্রয়োজনীয় তথ্যাদি রাজউকের ওয়েবসাইট www.rajuk.gov.bd হতে সংগ্রহ করা যাবে। প্রয়োজনে [email protected] এ মেইল-এর মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৩ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































