আইনজীবী অসুস্থ, পেছাল আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তিতর্ক

আইনজীবী অসুস্থ থাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন পিছিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালত নতুন এ দিন ধার্য করেন।
দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জানান, সোমবার মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের সিনিয়র আইনজীবী অসুস্থ থাকায় সময়ের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে ৩০ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় দুদকের ১১ জন সাক্ষীরই সাক্ষ্য নিয়েছেন আদালত। আত্মপক্ষ সমর্থনের শুনানিতে সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। তদন্তে সিয়ামের জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়ার কথা জানানো হয়।
(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













