র্যাগিংয়ে অসুস্থ ইবি ছাত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের প্রথমবর্ষের এক ছাত্রী র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। গত সোমবার ক্যাম্পাসের ডায়না চত্ত্বর ও অনুষদ ভবনের পাশের এলাকায় দফায় দফায় র্যাগিংয়ের শিকার হন ওই ছাত্রী। এ ঘটনায় বিভাগের সভাপতির কাছে বিচার চেয়ে মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী।
ভুক্তভোগী ছাত্রী জানান, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তুষারের সঙ্গে ক্যাম্পাসের ডায়না চত্ত্বরে হাঁটছিলেন তিনি। এ সময় একই বিভাগের দ্বিতীয় বর্ষের শারমিন সাথী, অনন্যা নারগিস, তাজমীন নাহার, জান্নত-ই-কাওনাইন মাকনুন তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চরিত্র নিয়ে প্রশ্ন তুলেন। পরে তুষার ওই ছাত্রীকে নিয়ে অনুষদ ভবনের সামনে এলে আবারো ওই ছাত্রীকে গালি-গালাজ করেন। একইসঙ্গে ওই ছাত্রীকে মারধর করতে উদ্যত হন তারা। ঘটনার পর ওই ছাত্রী আতঙ্কে অসুস্থ হয়ে বমি করেন। এ সময় তাকে কুষ্টিয়া শহরে তার মেসে পাঠিয়ে দেন তুষার।
মঙ্গলবার সমাজকল্যাণ বিভাগের সভাপতির কাছে অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। ঘটনার সময় অভিযুক্তরা তাকে বলে, ‘তুই ক্যামনে ক্যাম্পাসে পড়িস দেখে নেবো’। সমাজকর্ম বিভাগ কিছুই করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন অভিযুক্তরা। এছাড়াও অভিযুক্ত চার ছাত্রীর বিরুদ্ধে নিজ বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগ দেয়ার অভিযোগ করেছেন তাদের সহপাঠীরা।
এ বিষয়ে জানতে চাইলে তুষার বলেন, ‘অভিযুক্তদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। তারা কেন এমন উগ্র আচরণ করেছেন আমি জানি না। আমি বাধা দিলেও আমাকে উপেক্ষা করে। উদ্ধত আচরণ করে।’
ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘তারা আমাকে মানসিক নির্যাতন করেছেন। আমি অভিযোগ করেছি। এর সুষ্ঠু বিচার চাই।’
অভিযুক্ত জান্নত-ই-কাওনাইনের কাছে জানতে চাইলে তিনি ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য এবং সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, ‘আমি র্যাগিংয়ের বিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছি এবং তা প্রক্টরের কাছে হস্তান্তর করেছি। প্রক্টর মহোদয় বিষয়টি দেখছেন। সব কিছু যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।’
বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘সমাজকল্যাণ বিভাগের সভাপতির কাছে থেকে অভিযোগপত্র পেয়েছি। দুই পক্ষের সঙ্গে কথা বলছি। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পেশ করবো।’
(ঢাকাটাইমস/৩মার্চ/কেএম/ইএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































