মারা গেলেন ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নানা পাটেকারকে হাসপাতালে নেওয়ার পর প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়। তবে চিকিৎসায় সাড়া দেননি তিনি। প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হওয়াকেই মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নানা পাটেকার তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘নটসম্রাট’, ‘পরিন্দা’, ‘অব তক ছাপ্পান’, ‘অপহরণ’, ‘রাজনীতি’ ও ‘যশবন্ত’সহ বিভিন্ন চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিনয়ে অভিষেক হয় নানা পাটেকারের। এরপর ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘অব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা পান।
কমেডি ঘরানার ‘ওয়েলকাম’ (২০০৭) সিনেমায় গ্যাংস্টার উদয় শেঠি চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পান নানা পাটেকার। একই চরিত্রে তাকে ‘ওয়েলকাম ব্যাক’ (২০১৫) সিনেমাতেও দেখা যায়। সর্বশেষ ‘হাউসফুল ৫’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
‘রাজনীতি’ (২০১০) চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন নানা পাটেকার। এ সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পান।
২০১৬ সালের মারাঠি চলচ্চিত্র ‘নটসম্রাট’-এ অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জেতেন তিনি। অভিনয়ের পাশাপাশি ‘যশবন্ত’ (১৯৯৭), ‘অজুদ’ (১৯৯৮) ও ‘আঁচ’ (২০০৩) চলচ্চিত্রে প্লেব্যাক গায়ক হিসেবেও কাজ করেছেন।
দীর্ঘ ক্যারিয়ারে নানা পাটেকার হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে শক্তিশালী অভিনয়, সংলাপ উপস্থাপন এবং বৈচিত্র্যময় চরিত্রের জন্য বিশেষ পরিচিতি অর্জন করেন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
(ঢাকাটাইমস/৮ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













