বাবা হলেন জুবিন নটিয়াল

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল বাবা হয়েছেন। গত ১৪ সেপ্টেম্বর তার স্ত্রী পুত্রসন্তান জন্মদান করেন। মা ও নবজাতক দু’জনই ভালো আছেন। সম্প্রতি এ তথ্য জানিয়েছেন গায়ক।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে জুবিন বলেন, হ্যাঁ, আমি এখন একজন বাবা। গত ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর শুভ দিনে আমাদের পুত্রসন্তান হয়েছে। মা ও সন্তান দু’জনই বাড়ি ফিরেছে এবং তারা ভালো আছে।
এ গায়ক জানান―তারা এখনও তাদের ছেলের নাম ঠিক করেননি। তিনি বলেন, আমরা এখনও আমাদের ছেলের জন্য কোনো নাম ঠিক করিনি। এখন শুধুই তার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছি।
এর আগে চলতি বছরের এপ্রিলে উত্তরাখণ্ডে একটি পারিবারিক আয়োজনে শৈশবের ভালোবাসার মানুষকে বিয়ে করেন জুবিন। বিয়ের অনুষ্ঠানটি খুবই ঘরোয়া আয়োজন ছিল। এতে শুধুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। আর বিয়ের ছয় মাস হতেই সন্তানের বাবা হওয়ার খবর দিলেন তিনি।
বলিউডের এ জনপ্রিয় তারকা ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত তার ব্যক্তিগত জীবনকে সবসময় লাইমলাইট থেকে দূরে রেখেছেন। বিয়ের পর থেকে এখন পর্যন্ত স্ত্রীর নাম ও পরিচয় সম্পর্কে কোনো কিছুই জানাননি তিনি। এমনকি বিয়ের কোনো ছবিও শেয়ার করেননি জুবিন।
এ তারকা উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা। ২০১১ সালে রিয়েলিটি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’তে অংশ নিয়ে প্রথমবারের মতো পরিচিতি লাভ করেন। তারপর ‘সোনালী কেবল’ সিনেমায় ‘এক মুলাকাত’ গানটির মাধ্যমে বলিউডে অভিষেক করেন। আর অভিষেকের গান দিয়েই ব্যাপক খ্যাতি লাভ করেন।
সংগীতশিল্পী জুবিন তার দীর্ঘ ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে মারজাওয়া সিনেমার ‘তুম হি আনা’, শেরশাহ সিনেমার ‘রাতা লাম্বিয়া’ ও কবির সিংয়ের ‘তুঝে কিতনা চাহে অউর হাম’। সিনেমার বাইরে তার গাওয়া ‘লুট গয়ে’, ‘বেওয়াফা তারা মাসুম চেহারা’র মতো জনপ্রিয় গানও রয়েছে ঝুলিতে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













