ভ্যাট রিটার্ন জমার নিয়ম বদলাচ্ছে, মন্ত্রিসভার অনুমোদন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭
অ- অ+

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতিশীলতা আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে প্রতি তিন কর মেয়াদ শেষে একবারের পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়ার বিধান পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি উপস্থাপন করে।

মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় বাড়াতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, বর্তমানে প্রতি তিন কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার যে বিধান রয়েছে, তা পরিবর্তন করে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়া যাবে।

তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতেই দাখিলপত্র পেশের এ বিধান পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিসভা ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে স্বর্ণের দামে ধস
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, আরও কমার শঙ্কা
সারজিস আলম নতুন দায়িত্ব পেলেন এনসিপিতে
আদাবরে চাপাতি-সামুরাই নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা, পাল্টা গুলিতে ২ জন গুলিবিদ্ধ, গ্রেপ্তার চার