দেশের বাজারে স্বর্ণের দামে ধস

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে যথাক্রমে ১২ শতাংশ ও ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে বাজুস।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দর কার্যকর থাকবে।
(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













