ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় যুক্ত হলো ঈদুল ফিতর ও আজহা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৬
অ- অ+

ক্যালিফোর্নিয়ার রাজ্য ছুটির তালিকায় যুক্ত হলো মুসলিমদের দুই প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম ক্যালিফোর্নিয়ার রাজ্য ছুটির তালিকায় এই দুটি বড় ইসলামি উৎসবকে অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট বিলটিতে সই করার মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছেন।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্বজুড়ে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। অন্যদিকে ইসলামী বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ মাসে উদযাপিত হয় ঈদুল আজহা। বিশ্বজুড়ে বিপুলসংখ্যক মুসলিম এই দুটি উৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে থাকেন।

নতুন এই আইনের আওতায় ক্যালিফোর্নিয়ার চাকরিজীবীরা ঈদ উদযাপনের জন্য তাদের বিদ্যমান বেতনভুক্ত ছুটি ব্যবহারের সুযোগ পাবেন। সেই সঙ্গে নতুন আইনটির বিধান অনুযায়ী স্থানীয় সমঝোতা বা চুক্তির ভিত্তিতে সরকারি স্কুল ও কমিউনিটি কলেজগুলোও এ উৎসব উপলক্ষ্যে বন্ধ রাখা যাবে।

আইনটির রচয়িতা এবং অ্যাসেম্বলি মেম্বার ম্যাট হ্যানি বলেন, ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর আবাসস্থল এবং তাদের ধর্মীয় ঐতিহ্যগুলো এই ধরনের স্বীকৃতির দাবি রাখে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের ক্যালিফোর্নিয়া শাখা (সিএআইআর-সিএ) এই বিলটিকে সমর্থন জানিয়েছিল। বিলটি পাস হওয়াকে স্বাগত জানিয়ে সংস্থাটি বলেছে, এই উদ্যোগের ফলে মুসলিম শিক্ষার্থী ও কর্মীরা তাদের বিদ্যালয় কিংবা কর্মক্ষেত্রের প্রতিশ্রুতির পাশাপাশি সহজেই ঈদ উদযাপন করতে পারবেন। সিএআইআর-সিএ জানায়, ক্যালিফোর্নিয়ায় ১০ লাখেরও বেশি মুসলিম বাসিন্দা বাস করেন এবং এই আইনটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসবগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ক্যালিফোর্নিয়া লেজিসলেটিভ ইনফরমেশনের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর গর্ভনর গ্যাভিন নিউসাম ‘এবি ২০১৭’ নামক এই বিলে অনুমোদন দেন এবং একই দিনে তা সেক্রেটারি অব স্টেটের দপ্তরে জমা দেওয়া হয়। সূত্র: জিও নিউজ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাবা হলেন জুবিন নটিয়াল
বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়ে গেলেন মা, সহায়তায় এগিয়ে এলেন আনসার সদস্যরা
টেকনাফে ঝুঁকি ও ভয় নিয়ে খাল পারাপার, টেকসই ব্রিজের দাবি
চার জেলায় নতুন ডিসি