জামাই গ্রেপ্তার নিয়ে যা বললেন কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর

কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকা থেকে গ্রেপ্তারের পর এ বিষয়ে বিবৃতি দিয়েছেন ওই সংসদ সদস্য। মিজানুর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে—এমন খবরকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে আব্দুল গফুর বলেন, মিজানুর রহমানের গ্রেপ্তার এবং তাকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়ানো হয়েছে। একই সঙ্গে তাকেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পৃক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আব্দুল গফুর বলেন, প্রকাশিত প্রতিবেদনে মিজানুর রহমানকে তার নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছে। তার দাবি, ঢাকার মাটিকাটা এলাকায় তার কোনো নিজস্ব বাসা নেই। তিনি সরকারিভাবে বরাদ্দ করা ন্যাম ভবনে থাকেন।
মিজানুর রহমানের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই দাবি করে সংসদ সদস্য বলেন, বিষয়টি মিজানুর রহমানের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাপার। এর সঙ্গে জামায়াতে ইসলামীরও কোনো সম্পর্ক নেই।
বিবৃতিতে আব্দুল গফুর দাবি করেন, মিজানুর রহমানের সঙ্গে ‘নিউ গ্রিন প্রোপার্টিজ’-এর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। প্রতিষ্ঠানটির কাছে মিজানুর রহমানের পাওনা টাকা বকেয়া ছিল এবং তা আদায়ে তিনি আইনগত ব্যবস্থা নিয়ে থানায় মামলা করেন। পরে প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম পাওনা টাকার একটি অংশ পরিশোধ করেন। অবশিষ্ট টাকা পরিশোধ না করার উদ্দেশ্যে পরে পাল্টা মামলা করা হয় বলেও দাবি করেন তিনি।
আব্দুল গফুর আরও দাবি করেন, পরবর্তী সময়ে ওই মামলাটি খারিজ হয়ে যায়। তার ভাষ্য, সম্প্রতি ঘটে যাওয়া ভাঙচুর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে মিজানুর রহমানের কোনো সংশ্লিষ্টতা তার জানা নেই। তিনি বলেন, বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নিউ গ্রিন প্রোপার্টিজের মালিক সাইফুল ইসলাম ‘সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের’ আশ্রয় নিয়েছেন বলে তিনি মনে করেন।
ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশেরও প্রতিবাদ জানান সংসদ সদস্য। তার দাবি, এভাবে তাকে ও তার দলকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
এর আগে গতকাল সোমবার বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করে।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













