ফিশিং বোটের ইঞ্জিন বিকল, গভীর সমুদ্র থেকে ১৩ জেলেকে উদ্ধার কোস্ট গার্ডের

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার বিকালে বোটটির ইঞ্জিন বিকল হওয়ার পর এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের ফিশিং বোটটি ১৩ জন জেলেসহ টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। ২৮ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে মাছ আহরণ শেষে পোতাশ্রয়ে ফেরার সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর বোটটি সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে।
বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চাইলে বিষয়টি জানতে পারে কোস্ট গার্ড। পরে গভীর সমুদ্রে টহলে থাকা কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস ‘সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযান শুরু করে।
কোস্ট গার্ডের সদস্যরা সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল হয়ে ভাসতে থাকা বোটটির সন্ধান পান। পরে বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের প্রয়োজনীয় খাবারও দেওয়া হয়েছে। বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













