বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিনসহ ৪ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার সভাপতি ও খরনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান সাহিনসহ সংগঠনটির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম ও কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী ফেরদৌস হোসেন (২৬)।
পুলিশ জানিয়েছে, সাজেদুর রহমান সাহিনের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। সাব্বির হোসেন নির্জনের বিরুদ্ধে ১০টির বেশি এবং ফেরদৌস হোসেনের বিরুদ্ধে দুইটির বেশি মামলা রয়েছে।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গ্রেপ্তার চারজনই আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন তথ্যের মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কে জানতে পারে ডিবি পুলিশ। পরে তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম ও কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাত আনুমানিক ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












