দেশের সব বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৭
অ- অ+

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসায় বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। এ জন্য দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে তা গঠন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫-এ দেওয়া ক্ষমতাবলে দেশের বিদ্যমান বেসরকারি দাখিল ও আলিম মাদরাসা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

এর আগে, গত ২ আগস্ট বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের জারি করা নির্দেশনা বহাল থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এদিকে কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে। ২০২৫ সালের সংশোধিত প্রবিধানমালার প্রবিধান ৬৪-এর উপ-প্রবিধান (৩) অনুযায়ী, মাদরাসা প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে সভাপতি মনোনয়নের জন্য তিনজনের একটি তালিকা পাঠাবেন। তালিকায় শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তার ওপরে পদমর্যাদার সরকারি কর্মচারীদের রাখা যাবে।

তবে সিটি করপোরেশন এলাকার মাদরাসার ক্ষেত্রে মাদরাসা প্রধান বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে সভাপতি মনোনয়নের প্রস্তাব পাঠাবেন।

মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনাটি দেশের সব স্তরের অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠনের বিষয়ে মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে নতুন করে এ নির্দেশনা জারি করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ফুফুর কক্ষে বাক্সে মিলল শিশুর মরদেহ
রাজশাহীতে বারী হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার
দিনাজপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
বিশ বছরের যুদ্ধ শেষে ৪৫০০ সেনা হারানোর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী