বিমান বহর বাড়াতে বোয়িংয়ের পর এয়ারবাসও কিনছে বাংলাদেশ সরকার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪২
অ- অ+

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়াতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তির পর এবার আরও ১০টি এয়ারবাস কেনার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী অক্টোবরেই এয়ারবাসের সঙ্গে এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বোয়িংয়ের সঙ্গে আগে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছিল। নতুন করে আরও ১১টি যুক্ত হওয়ায় মোট ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে ১৫টি ওয়াইড-বডি এবং ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ।

তবে এসব উড়োজাহাজ একসঙ্গে দেশে আসবে না। চুক্তি অনুযায়ী প্রথম বোয়িং উড়োজাহাজ ২০৩১ সালে দেশে আসবে এবং পর্যায়ক্রমে ২০৩৫-৩৬ সাল পর্যন্ত বাকি উড়োজাহাজগুলো সরবরাহ করা হবে। মন্ত্রী বলেন, তারা অন্তত একটি উড়োজাহাজ ২০২৭ বা ২০২৮ সালে দেওয়ার জন্য বোয়িংকে অনুরোধ করেছেন।

উড়োজাহাজগুলোর জন্য এখনই পুরো অর্থ পরিশোধ করতে হবে না জানিয়ে মন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী উড়োজাহাজ পাওয়ার পর অর্থ পরিশোধ করা হবে। বিমান বহর থেকে আয় করে সেই অর্থ পরিশোধের পরিকল্পনা রয়েছে।

বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ থাকলেও এর মধ্যে দুটি প্রায় গ্রাউন্ডেড হওয়ার মতো অবস্থায় রয়েছে বলে জানান মন্ত্রী। ফলে কার্যত ১৭টি উড়োজাহাজ দিয়ে বিমান পরিচালিত হচ্ছে। আগামী ১০ বছরের মধ্যে বর্তমান বহরের বড় একটি অংশ পুরোনো হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের এভিয়েশন খাতকে শক্তিশালী করতে বহর বাড়ানোর বিকল্প নেই। বর্তমানে বিদেশি এয়ারলাইনসগুলো বাংলাদেশের যাত্রী পরিবহনে বড় অংশ দখল করে আছে। জাতীয় পতাকাবাহী বিমান দেশের যাত্রীদের মাত্র প্রায় ২০ শতাংশ বহন করতে পারছে।

বহর বাড়ানো গেলে আরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও জানান, নতুন উড়োজাহাজগুলো দেশে আসার আগ পর্যন্ত অন্তত ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। লিজের প্রক্রিয়া এগিয়ে নিতে অর্থসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। স্বচ্ছতার সঙ্গে উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?
আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম
দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: শিক্ষকদের উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর 
দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু