নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১২
অ- অ+

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডাবলিনে জামাইকে গুলি করে হত্যার অভিযোগে ৭৬ বছর বয়সী এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত জোনাথন ম্যাককিন্সি (৪০) নিউইয়র্ক টাইমসের গেমস বিভাগের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

ডাবলিন পুলিশ সার্ভিসেসের তথ্য অনুযায়ী, শনিবার বিকেল ৩টার দিকে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডসের একটি পার্কিং লটে ম্যাককিন্সিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তার শরীরে একাধিক গুলির ক্ষত ছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় শৌইয়ং ঝাং ও শিলি চেন নামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ডাবলিনের বাসিন্দা এবং নিহত ম্যাককিন্সির স্ত্রীর বাবা-মা।

স্থানীয় বাসিন্দা আসাদ রাজাবি জানান, শনিবার বিকালে একটি মুদি দোকানের কাছে নিজের গাড়িতে থাকার সময় পার্কের দিক থেকে পাঁচ থেকে ছয়টি গুলির মতো শব্দ শুনতে পান তিনি। পরে পার্কিং লটে একজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। একই সময়ে এক পুরুষ ও এক নারীকে ঘটনাস্থল থেকে হেঁটে চলে যেতে দেখেছেন বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, প্রায় একই সময়ে একজন পুলিশ সার্জেন্ট গাড়ি চালিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা একজনকে দেখতে পান। তিনি গাড়ি থামিয়ে ঘটনাস্থল পরীক্ষা করেন। এ সময় পার্কে থাকা লোকজনও ৯১১ নম্বরে ফোন করে জরুরি সহায়তা চান।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাছাকাছি থাকা এক পুরুষ ও এক নারীকে শনাক্ত করে পুলিশ। পরে তাঁদের ঝাং ও চেন হিসেবে চিহ্নিত করা হয়।

হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি। তবে আদালতের নথি ও আগের কিছু অভিযোগে ম্যাককিন্সি ও তাঁর স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের তথ্য পাওয়া গেছে।

আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালে ম্যাককিন্সি ও তার স্ত্রী দুজনেই একে অপরের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা প্রতিরোধে আইনি সুরক্ষা চেয়ে আবেদন করেছিলেন। একই বছরের ডিসেম্বরে ম্যাককিন্সি বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

আবেদনে ম্যাককিন্সি অভিযোগ করেছিলেন, তার স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যরা তার ট্রান্সজেন্ডার পরিচয়ের কারণে তাকে হয়রানি করতেন। তিনি তার শ্বশুরের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও করেছিলেন।

অন্যদিকে, ম্যাককিন্সির স্ত্রী ক্যান্ডিস জ্যাংয়ের করা আবেদনে তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল। একটি ঘটনায় ক্যান্ডিস দাবি করেন, ঝগড়ার সময় ম্যাককিন্সি তাঁকে টেনে টেবিলের কোণায় ফেলে দেন। এতে তার পিঠে আঘাত লাগে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া ২০২৫ সালে ম্যাককিন্সির বিরুদ্ধে শিশু নির্যাতনের দুটি লঘু অপরাধের অভিযোগ আনা হয়েছিল। আদালতের নথি অনুযায়ী, তিনি উভয় অভিযোগেই নিজেকে নির্দোষ দাবি করেন।

পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই বছরের অক্টোবরে কর্মকর্তারা ক্যান্ডিস জ্যাংয়ের সঙ্গে কথা বলার পর ম্যাককিন্সির বাসায় যান। সেখানে ওপরতলার একটি ঘরে দুই বছর বয়সী একটি শিশুকে একা অবস্থায় দেখতে পান তারা।

পুলিশের অভিযোগ ছিল, শিশুটিকে এক ঘণ্টার বেশি সময় একা রাখা হয়েছিল। এ ঘটনায় ম্যাককিন্সির বিরুদ্ধে মামলা হয়। তবে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, সেদিন সন্তানদের দেখাশোনার দায়িত্ব তার স্ত্রীর ছিল এবং শিশুটি ঘুমিয়ে থাকার বিষয়টি তাকে জানানো হয়নি।

পুলিশ ঝাং ও চেনের বিরুদ্ধে হত্যার পাশাপাশি আগ্নেয়াস্ত্রের গুরুতর অপব্যবহার, ষড়যন্ত্র এবং শিশুকে গুরুতর শারীরিক আঘাত বা মৃত্যুর ঝুঁকিতে ফেলার অভিযোগেও ব্যবস্থা নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুজনকেই জামিন ছাড়া হেফাজতে রাখা হয়েছে। বুধবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে। তবে হত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো প্রকাশ করেনি পুলিশ। অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী রয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি।

সূত্র: নিউইয়র্ক টাইমস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় শিশু একাডেমির পরিচালনা কমিটিতে কালাম আজাদ
শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন তানজিন তিশা
‘সন্তানেরা প্রতিদিন জানতে চায়, বাবা কবে ফিরবে’, সেলিম প্রধানকে নিয়ে রুশ স্ত্রীর মানবিক আবেদন