বগুড়ার শেরপুরে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিস্ফোরক উপাদান আইন ও হত্যাচেষ্টা মামলার আসামি মো. আব্দুল খালেক ওরফে খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা দিকে শেরপুর পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল খালেক উপজেলা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সক্রিয় কর্মী। তিনি নন্দীগ্রাম উপজেলার বুরইল ইউনিয়নের কামুল্যা গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে এবং বর্তমানে শেরপুর পৌরসভার শ্রীরামপুরপাড়া (কলেজ রোড) এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় একটি মামলা (মামলা নং-২৪, জি আর নং-২৮৩) দায়ের করা হয়। ওই মামলার তদন্তে আব্দুল খালেকের প্রত্যক্ষ জড়িত থাকার তথ্য-প্রমাণ পায় পুলিশ।
শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মইনুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পৌর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
(ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













