বাসা থেকে হাতকড়া পরিয়ে রোগীকে নিয়ে যাওয়ার অভিযোগ, রিহ্যাবের ২ কর্মী আটক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে বাসা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় রিহ্যাবিলিটেশন সেন্টারের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনায় ব্যবহৃত হাতকড়াটিও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন লাইটহাউজ রিহ্যাবিলিটেশন সেন্টারের কর্মী মো. জসিম উদ্দিন ওরফে পলাশ (৪৭) ও মো. আমিনুর ইসলাম (৪২)।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এ তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিটের মধ্যে মোহাম্মদপুর থানার স্যার সৈয়দ রোডের একটি বাসায় চার থেকে পাঁচজন ব্যক্তি প্রবেশ করেন। তারা ওই ফ্ল্যাটের মালিক সিপার মোস্তফার (৬৩) হাতে হাতকড়া পরিয়ে জোর করে নিচে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

এ ঘটনায় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অনুসন্ধান করে জানতে পারে, সিপার মোস্তফা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তার পরিবারের সদস্যরা পৃথকভাবে বসবাস করেন। তার ছোট ভাই সাবির মোস্তফা তাকে চিকিৎসার জন্য উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত লাইটহাউজ রিহ্যাবিলিটেশন সেন্টারে নেওয়ার ব্যবস্থা করেন।

পুলিশ জানায়, এর আগেও ২০২১ সালে সিপার মোস্তফাকে ওই রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল। ঘটনার পর উত্তরা পশ্চিম থানার মাধ্যমে খোঁজ নিয়ে তাকে লাইটহাউজ রিহ্যাবিলিটেশন সেন্টারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশের পক্ষ থেকে রিহ্যাব সেন্টারের মালিক ডা. মো. জসিম উদ্দীনের কাছে হাতকড়া ব্যবহারের আইনগত বৈধতা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। তবে তিনি জানান, কিছু মাদকাসক্ত ব্যক্তিকে রিহ্যাবে নেওয়ার সময় হাতকড়া ব্যবহার করা হয়।

এ ঘটনায় রিহ্যাব সেন্টারের দুই কর্মী জসিম উদ্দিন ওরফে পলাশ ও আমিনুর ইসলামকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত হাতকড়াটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৮ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়াল
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
প্রশাসনিক জেনোসাইড ও আমলাতান্ত্রিক 'সাপলুডু খেলা'