বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে লেনদেনের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে দাঁড়ায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়েছে। এ সময় ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৩৯ ডলারে লেনদেন হয়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই মূলত তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলার ঘটনা বাড়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এ আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে, যার প্রভাব পড়ছে তেলের দামে।
(ঢাকাটাইমস/৮ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












