সৌদি আরবে দুই বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার ও বুধবার সৌদির দক্ষিণাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলার ঘটনা ঘটে।
আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হয়েছেন। তাদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন।
অন্যদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। সেখানে পাঁচ সৌদি নাগরিকসহ মোট আটজন আহত হয়েছেন।
যাত্রী ও বিমানবন্দরকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানিয়েছে জাকা।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। পাশাপাশি ইয়েমেনের রাজধানী সানায় সৌদি রাজধানীতে হামলা চালাতে ব্যবহৃত একটি লঞ্চিং প্যাড ধ্বংস করেছে জোট বাহিনী।
এদিকে রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক ও অন্যান্য সরঞ্জামের চারপাশে চলতি সপ্তাহে নতুন করে খাঁচার মতো বেড়া স্থাপন করা হয়েছে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে রিয়াদ বিমানবন্দরের দিকে ছোড়া একটি সন্দেহভাজন হুথি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। পরদিন ১৯ সেপ্টেম্বর রিয়াদ বিমানবন্দরের কাছে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখা যায়।
এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সৌদি-সমর্থিত বাহিনী এবং ইরানঘনিষ্ঠ হুথি বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র হচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির উভয় পাশে বিস্তীর্ণ এলাকা হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
হুথিরা বুধবার ভোরে এডেন বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য ফের সতর্কতা জারি করেছে রিয়াদের মার্কিন দূতাবাস। সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের আরও বেশি সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৮ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













