জন্মদিনে বিশেষ আয়োজন নেই, পরিবারের সঙ্গে থাকবেন জেমস

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৬, ১১:৪০
অ- অ+

‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘তারায় তারায়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’ কিংবা ‘এক নদী যমুনা’—গানের কথায় ও সুরে কয়েক প্রজন্মের শ্রোতার কাছে আলাদা জায়গা তৈরি করেছেন নগরবাউল জেমস। তাঁর স্বতন্ত্র কণ্ঠ ও গিটার পরিবেশনার ভক্ত দেশের সীমানা ছাড়িয়েও ছড়িয়ে আছে।

আজ শুক্রবার, ২ অক্টোবর এই রক তারকার জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে নওগাঁয় জন্মগ্রহণ করেন মাহফুজ আনাম জেমস।

কৈশোরের বড় একটি সময় চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে কেটেছে জেমসের। সেখানে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘ফিলিংস’। ১৯৮৭ সালে এই ব্যান্ডের সঙ্গে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। পরের বছর প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘অনন্যা’। পরে ‘ফিলিংস’ ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘নগর বাউল’।

দীর্ঘ সংগীতজীবনে জেমসের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘লেইস ফিতা লেইস’, ‘নগর বাউল’, ‘দুষ্টু ছেলের দল’, ‘পালাবে কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘আমি তোমাদেরই লোক’ ও ‘কাল যমুনা’র মতো অ্যালবাম।

তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘তারায় তারায়’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘সুস্মিতার সবুজ ওড়না’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দিদিমনি’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’ ও ‘এক নদী যমুনা’।

বাংলাদেশের চলচ্চিত্রেও প্লেব্যাক করে জনপ্রিয়তা পেয়েছেন জেমস। সংগীতে অবদানের জন্য তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে বলিউডের চলচ্চিত্রেও গান করেছেন তিনি। তার গাওয়া ‘ভিগি ভিগি’, ‘চাল চালে’, ‘আলবিদা’, ‘রিশতে’ ও ‘বেবাসি’ গানগুলোও শ্রোতাদের মধ্যে জনপ্রিয় হয়।

তবে নিজের জন্মদিন নিয়ে জেমসের ভাবনা অন্য রকম। জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, ‘জন্মদিন তো একটাই, যেদিন তুমি জন্মেছ। এরপর এগুলো তো জন্মদিন নয়। যেদিন জন্মেছ, আর যেদিন মারা যাবে মৃত্যুদিন, এই দুইটাই আছে।’

জন্মদিন ঘিরে বিশেষ কোনো আয়োজন করেন না বলেও জানিয়েছেন এই শিল্পী। তার ভাষায়, ‘আমি কোনো দিনই এভাবে বিশেষভাবে জন্মদিন কাটাই না। এমনিতেই পরিবারের সঙ্গে থাকব, পরিবারের সঙ্গে সময় কাটাব।’

নিজের সংগীত ও অবস্থান নিয়েও জেমসের বক্তব্য স্পষ্ট। তিনি বলেন, ‘আমি সমাজ বদল করতে আসিনি। আমি সমাজকে আনন্দ দিতে এসেছি। মানুষ বারবার তো জন্ম নেয় না। জন্মদিন একটাই।’

সংগীত ও সংস্কৃতির পরিবর্তন নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন জেমস। তিনি বলেন, ‘অনেক আর্ট ফর্ম হারিয়ে গেছে। আবার কিছু আর্ট ফর্ম আছে, যেগুলো মানুষ প্যাশন থেকে, ভালোবাসা থেকেই ধরে রেখেছে।’

ব্যক্তিজীবনে জেমস দুইবার বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে তাদের বিয়ে হয়, বিচ্ছেদ হয় ২০০৩ সালে। পরে ২০০২ সালে বেনজীর সাজ্জাদকে বিয়ে করেন জেমস। তাঁদের দুই মেয়ে—জান্নাত ও জাহান এবং এক ছেলে—দানেশ।

গান, গিটার আর স্বতন্ত্র কণ্ঠের মাধ্যমে কয়েক দশক ধরে শ্রোতাদের কাছে নিজের জায়গা ধরে রেখেছেন জেমস। এবারও জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নয়, পরিবারের সঙ্গেই সময় কাটাবেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরি পিন্টু ভাই
শুল্কমুক্ত মদ মজুত, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা
পাইকপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি