আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ডে দূতাবাসের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। এর মাধ্যমে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সেখানে বসবাসরত প্রায় ২৫ হাজার বাংলাদেশির সঙ্গে সম্পৃক্ততার সুযোগ তৈরি হলো।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের কূটনৈতিক এলাকা বলস ব্রিজের আলেকজান্দ্রা হাউসের অস্থায়ী চ্যান্সারি থেকে দূতাবাসের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। সেখানে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নূর আলম আজ মিশনের দায়িত্বভার গ্রহণ করেছেন।
তিনি যথাসময়ে আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দূতাবাস প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। এর ফলে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ততা আরও সুদৃঢ় করতেও দূতাবাসটি কাজ করবে।
প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হওয়ার পর দূতাবাস থেকে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা চালু করা হবে। এসব সেবা বাংলাদেশি নাগরিক ও অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য উন্মুক্ত থাকবে।
কনস্যুলার সেবা চালুর তারিখ, পদ্ধতি ও সংশ্লিষ্ট তথ্য সরকারিভাবে জানানো হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক দূতাবাসের মাধ্যমে আয়ারল্যান্ডের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা করছে বাংলাদেশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













