জামায়াত আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৪:৪৪
অ- অ+

জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের স্বতঃস্ফূর্ততাকে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে বন্দী করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ‘হিরো’ হিসেবে তুলে ধরে তরুণদের রাজনৈতিক সম্ভাবনাকে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে নেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন উমামা ফাতেমা।

পোস্টে উমামা ফাতেমা অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকা অনেক মানুষ নেতা হয়েছেন। তাদের মধ্যে সালাউদ্দীন আম্মারের নাম উল্লেখ করেন তিনি।

জুলাই আন্দোলনের সময় বিভিন্ন ছাত্র সংগঠনকে বাদ দিয়ে শিবির ও ছাত্রশক্তির একটি কোরামের লোকজনকে সমন্বয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলেও অভিযোগ করেন উমামা ফাতেমা। তাঁর ভাষ্য, এর ফলে ৫ আগস্টের পর অনেক নতুন ব্যক্তি আন্দোলনের নেতৃত্বে প্রভাবশালী হয়ে ওঠেন।

জুলাই আন্দোলনের পর দেশের রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। উমামা ফাতেমার অভিযোগ, পর্দার আড়ালের স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলো সময় সময় সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনের নামে ‘ম্যানুফ্যাকচারড কনসেন্ট’ বা কৃত্রিম জনসম্মতি তৈরি করছে।

তরুণদের মধ্যে ‘হিরো’ হিসেবে তৈরি করা বিভিন্ন ব্যক্তিকে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, এসব ব্যক্তিকে সামনে এনে তরুণদের বর্তমান ও ভবিষ্যতের রাজনৈতিক সম্ভাবনাকে নির্দিষ্ট গোষ্ঠীর হাতে বন্দী করার চেষ্টা চলছে।

এ প্রসঙ্গে মিয়ানমারের উদাহরণ টেনে উমামা ফাতেমা বলেন, রোহিঙ্গা গণহত্যার ক্ষেত্রে ফেসবুক কার্যকর একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল।

দেশের রাজনৈতিক ইতিহাস নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই মুখপাত্র। তিনি লেখেন, বাংলাদেশের ইতিহাস এত দিন ৫০ বছরের হিসেবে বিবেচিত হলেও এখন জামায়াতের কারণে ইতিহাস ব্রিটিশ আমল থেকে শুরু করতে হচ্ছে।

পোস্টের শেষ দিকে উমামা ফাতেমা বলেন, ‘জামায়াত আর আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই।’ তার অভিযোগ, জামায়াত তাদের অতীতের ‘গণহত্যার কালিমা’ ঢাকতে দেশকে যেকোনো পর্যায়ে নিয়ে যেতে রাজি আছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার বাহিনীর আইনি কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ
ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি দিতে হবে না: অর্থমন্ত্রী
ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী