ইসরাইলগামী বিমানে দুই পাইলটের মারামারি-ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১০:১৭
অ- অ+

দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের পর একজন পাইলটকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ফ্লাইটটি নিরাপদে অবতরণ করলেও দুই পাইলটই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, একজন পাইলট অপরজনকে ছুরিকাঘাত করার পর বিমানটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। পরে একজন যাত্রী ও এক ক্রু সদস্য ককপিটে ঢুকে অভিযুক্ত পাইলটকে কাবু করেন। ঘটনাটি তদন্ত করছে সৌদি কর্তৃপক্ষ।

ফ্লাইদুবাইয়ের ফ্লাইট এফজেড১০৭৩ বুধবার সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের প্রায় আড়াই ঘণ্টা পর বিমানটির উচ্চতা দ্রুত কমে যায়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে। এরপর জরুরি সংকেত ‘স্কোয়াক ৭৭০০’ পাঠানো হয় এবং পরে ‘স্কোয়াক ৭৫০০’ সংকেত দেওয়া হয়, যা বিমানে বেআইনি হস্তক্ষেপ বা ছিনতাইয়ের সতর্কসংকেত হিসেবে ব্যবহৃত হয়।

এরপর বিমানটি নির্ধারিত পথ থেকে সরে সৌদি আরবের দিকে যায়। কিছু সময় জর্ডানের আকাশসীমায় প্রবেশের পর আবার সৌদি আকাশসীমায় ফিরে আসে এবং তাবুক বিমানবন্দরের দিকে নামতে শুরু করে। স্থানীয় সময় সকাল ১০টা ৫৮ মিনিটের দিকে বিমানটি সেখানে নিরাপদে অবতরণ করে।

নেতানিয়াহু বলেন, ছুরিকাঘাতের পর বিমানটি নিচের দিকে নামতে শুরু করেছিল এবং ওই পাইলট ‘বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা’ করে থাকতে পারেন। তবে ঘটনার উদ্দেশ্য বা মোটিভ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

বিমানের কয়েকজন যাত্রী বিভিন্ন গণমাধ্যমকে জানান, ককপিটের দিক থেকে চিৎকার ও সাহায্যের আবেদন শোনা যায়। পরে তারা বিমানের সামনের অংশে রক্তাক্ত অবস্থাও দেখতে পান বলে জানান।

এক যাত্রীর স্বজন রয়টার্সকে জানান, তার মেয়ে ফোনে বলেছিলেন, একজন ব্যক্তি ছুরি নিয়ে পাইলটের ওপর হামলা করেন এবং বিমানের নিয়ন্ত্রণ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্য যাত্রীরাও বিমানটি দ্রুত নিচে নামতে থাকায় ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছেন। এসব যাত্রীর বর্ণনা অবশ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সব গণমাধ্যম।

ঘটনার সময় বিমানে ১৭০ জনের বেশি মানুষ ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। আহত ক্যাপ্টেনকে ভারতীয় নাগরিক স্মিত মাচ্ছার হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সম্ভাব্য ‘জিহাদি সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তবে এখন পর্যন্ত সৌদি তদন্তকারী বা ফ্লাইদুবাইয়ের পক্ষ থেকে হামলার উদ্দেশ্য কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

ফ্লাইদুবাই জানিয়েছে, ফ্লাইটের ডেকে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরে বিমানে থাকা দায়িত্বপ্রাপ্ত ফ্লাইদুবাই ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিমানটিকে নিরাপদে তাবুক বিমানবন্দরে অবতরণ করান। যাত্রী ও ক্রুদের সহায়তার জন্য সেখানে বিকল্প বিমান পাঠানো হয়েছে।

ঘটনার পর ইসরাইলের পক্ষ থেকে বিমান চলাচলের নিরাপত্তা জোরদার এবং দেশটিতে আসা পাইলটদের পরিচয় ও নিরাপত্তা যাচাই বাড়ানোর উদ্যোগের কথা জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওটিপি ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
২২৩ রানে অপরাজিত গিল, গড়লেন একাধিক বিশ্ব রেকর্ড
নিরাপদ সড়ক শুধু স্লোগান নয়, রাষ্ট্রীয় অঙ্গীকার
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা