উত্তরার জাপানি রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা

রাজধানীর উত্তরায় ‘গোজো রামেন’ নামের একটি জাপানি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রান্নাঘর নোংরা ও অপরিষ্কার রাখা, বাসি খাবার ও পোড়া তেল সংরক্ষণ, খাদ্যোপকরণে লেবেল না থাকা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় রেস্তোরাঁটিকে এই জরিমানা করা হয়।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) উত্তরা ১৩ নম্বর সেক্টরের গরীবে নেওয়াজ রোডের হোল্ডিং-৪০-এ অবস্থিত গোজো রামেনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্টের অভিযানে রেস্তোরাঁটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পরিচালনা করতে দেখা যায়। সেখানে বাসি খাবার ও পোড়া তেল পাওয়া যায়। এ ছাড়া ফ্রিজে কোনো ধরনের লেবেল ছাড়াই খাদ্যোপকরণ সংরক্ষণ করা হচ্ছিল।
অভিযানে আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যোপকরণও সংরক্ষণ করতে দেখা যায়। পাশাপাশি রেস্তোরাঁ কর্তৃপক্ষ বাধ্যতামূলক নিবন্ধন সনদ—ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ এবং রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।
এসব অপরাধের বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল উপস্থিত ছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











