এআইয়ের নতুন নাম ‘এসআই’ দিলেন ট্রাম্প, ভুল বানান নিয়ে হাস্যরস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪১
অ- অ+

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা ‘এসআই’ ব্যবহারের ঘোষণা দেওয়ার একদিন পরই মার্কিন প্রশাসনের একটি সরকারি নথিতে যুক্তরাষ্ট্রের নামের বানান ভুল নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। নথিতে ‘United States’-এর পরিবর্তে ভুল করে ‘Unites States’ লেখা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা রসিকতা ও সমালোচনা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, সরকারি পর্যায়ে ‘Artificial Intelligence’ বা ‘AI’-এর পরিবর্তে ‘Super Intelligence’ বা ‘SI’ শব্দ ব্যবহার করা হবে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ‘artificial’ শব্দটি প্রযুক্তিটির প্রকৃত সক্ষমতাকে যথাযথভাবে তুলে ধরে না।

এর পর প্রকাশিত একটি সরকারি নথিতে প্রেসিডেন্টের পদবি লেখার সময় ‘President of the United States’-এর বদলে ‘President of the Unites States’ লেখা হয়। বানানের এই ভুল দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজরে আসে।

ভুলটি নিয়ে অনেকে ব্যঙ্গ-রসিকতা করেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, ‘সুপার ইন্টেলিজেন্স’ চালুর ঘোষণার মধ্যেই সরকারি নথিতে এমন একটি সাধারণ বানান ভুল কীভাবে হলো। কেউ আবার ‘Unites States’ শব্দবন্ধকে ঘিরে মজার মন্তব্য করেন।

এদিকে ট্রাম্পের এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ নামে ডাকার সিদ্ধান্তটি শুধু নাম পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর স্বাক্ষরিত নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের নির্বাহী শাখার সরকারি যোগাযোগ, জনসাধারণের জন্য প্রকাশিত তথ্য, নীতিগত নথি ও অন্যান্য নন-স্ট্যাটুটরি নথিতে ‘Super Intelligence’ এবং ‘SI’ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের ওই বৈঠকে প্রযুক্তি ও এআই খাতের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং, এক্স ও টেসলার ইলন মাস্ক এবং অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকের অন্যতম বিষয় ছিল এআই প্রযুক্তির নিরাপত্তা ও দায়িত্বশীল উন্নয়ন।

বৈঠক শেষে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নেতারা এআই নিরাপত্তা নিয়ে একটি স্বেচ্ছাসেবী সমঝোতায় সই করেন। এতে অভ্যন্তরীণ ঝুঁকি যাচাই, স্বাধীন বহিরাগত নিরীক্ষা এবং পরিচালনা পর্ষদের মাধ্যমে পর্যালোচনার মতো ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

ট্রাম্প এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও এআইয়ের বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ শব্দ ব্যবহারের কথা জানিয়েছিলেন। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সরকারি যোগাযোগে ‘AI’-এর পরিবর্তে ‘SI’ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে প্রযুক্তি জগতে ‘superintelligence’ শব্দটির আগে থেকেই একটি নির্দিষ্ট অর্থ রয়েছে। সাধারণত মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়া উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়। ফলে ট্রাম্প প্রশাসনের নতুন নামকরণ নিয়ে প্রযুক্তি মহলেও আলাদা আলোচনা তৈরি হয়েছে।

(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
স্থানীয় এমপিকে না জানিয়ে মিরপুরে উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত আমির
ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিতে ঢাকা ওয়াসা বদ্ধপরিকর