আন্তর্জাতিক রিকভারি দিবস আজ

মাদক ও বিভিন্ন ধরনের আসক্তি থেকে সুস্থ জীবনে ফিরে আসা মানুষের সাফল্য উদযাপন এবং আসক্তি বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) পালিত হচ্ছে আন্তর্জাতিক রিকভারি দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে সচেতনতামূলক নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন সংস্থা ও ফোরাম ভার্চুয়াল প্রেস ব্রিফিং, সেমিনার ও অনলাইন ওয়েবিনারের আয়োজন করছে।
আন্তর্জাতিক মাদকাসক্তি পেশাদারদের সোসাইটি (আইএসএসইউপি) বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় (লন্ডন সময় দুপুর ২টা) একটি বৈশ্বিক ওয়েবিনারের আয়োজন করেছে। এতে রিকভারি বিশেষজ্ঞ, স্বাস্থ্যকর্মী এবং আসক্তি থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা অংশ নেবেন।
এ বছরের প্রেস ব্রিফিং ও সচেতনতামূলক প্রচারণার মূল প্রতিপাদ্য ‘রিকভারি সম্ভব’। এ প্রচারণার মাধ্যমে আসক্তি জয় করা মানুষের জীবনের গল্প, তাদের সংগ্রাম এবং সুস্থ জীবনে ফিরে আসার অভিজ্ঞতা তুলে ধরা হচ্ছে। অনুষ্ঠানে মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামালসহ বিশিষ্টজনেরা বিশেষ বক্তব্য রাখেন।
আয়োজকদের মতে, আসক্তি থেকে পুনরুদ্ধার সম্ভব—এই বার্তা ছড়িয়ে দেওয়া এবং সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করাই দিবসটির অন্যতম লক্ষ্য।
(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













