শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের (এ-শিফট) কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা এমিরেটসের EK0584 ফ্লাইটের যাত্রী রোমান মিখাইলভ গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ স্ক্যান করা হয়। তল্লাশিতে বিভিন্ন ব্র্যান্ডের ৭৮ দশমিক ৫০ লিটার মদ পাওয়া যায়।
যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী এক লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ রেখে বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।
অন্যদিকে, ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে তুর্কিশ এয়ারলাইন্সের TK0712 ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলামের ব্যাগেজ স্ক্যান করে আরও চার লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়। পরে সেগুলোও আটক করা হয়।
দুই ঘটনায় শুল্কমুক্ত এক লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













