প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচি, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তাঁর অংশগ্রহণ এবং বিশ্বনেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, চার দিনের নিউইয়র্ক সফরে তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০টি আনুষ্ঠানিক আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এসব বৈঠক ও কর্মসূচিতে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু ও আন্তর্জাতিক শান্তিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষে ভাষণ দেন এবং বিশ্বনেতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













