কুয়াকাটাকে পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান সামীমুজ্জামান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯
অ- অ+

কুয়াকাটাকে শুধু সমুদ্রসৈকত হিসেবে নয়, প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য, স্থানীয় জীবনধারা ও আতিথেয়তার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সামীমুজ্জামান।

আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা, কুয়াকাটার পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা এবং স্থানীয় অর্থনীতির বিকাশের লক্ষ্যে এ কার্নিভালের আয়োজন করা হচ্ছে।

সোমবার আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে কার্নিভাল উপলক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন সামীমুজ্জামান। অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন।

সামীমুজ্জামান বলেন, কুয়াকাটা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় সমুদ্রভিত্তিক পর্যটন গন্তব্য। একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ, সমুদ্রসৈকতের সৌন্দর্য, উপকূলীয় প্রকৃতি, রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও স্থানীয় মানুষের জীবনধারা কুয়াকাটাকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে।

তিনি বলেন, কুয়াকাটার পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরার পাশাপাশি এ খাতের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা জরুরি। স্থানীয় মানুষকে পর্যটন অর্থনীতির সক্রিয় অংশীদার করা গেলে তাঁদের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা পর্যটকদের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

সামীমুজ্জামান বলেন, ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ শুধু বিনোদনমূলক আয়োজন নয়। কুয়াকাটাকে বহুমাত্রিক, টেকসই ও স্থানীয় জনগোষ্ঠীকেন্দ্রিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার একটি উদ্যোগ এটি। এর মাধ্যমে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি, খাবার, পণ্য, খেলাধুলা ও জীবনধারা পর্যটকদের সামনে তুলে ধরা হবে।

দুই দিনব্যাপী কার্নিভালে বিচ ফুটবল, বিচ ম্যারাথন, সি-ফুড ও আদিবাসী ফুড ফেস্টিভ্যাল, ঘুড়ি উৎসব, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীতানুষ্ঠানসহ নানা আয়োজন থাকছে।

২৩ অক্টোবর সকালে স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিচ ফুটবলের মধ্য দিয়ে কার্নিভালের কার্যক্রম শুরু হবে। পরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এদিন সি-ফুড ও আদিবাসী ফুড ফেস্টিভ্যাল, বিচ ফুটবলের ফাইনাল, লেম্বুর বন ভ্রমণ, ঘুড়ি উৎসব ও সূর্যাস্ত উপভোগের আয়োজন থাকবে। সন্ধ্যায় পুঁথি পাঠ, রাখাইন সম্প্রদায়ের পরিবেশনা, দেশীয় ফ্যাশন শো ও মিউজিক কনসার্ট অনুষ্ঠিত হবে।

২৪ অক্টোবর সকালে হবে বিচ ম্যারাথন। এ ছাড়া গঙ্গামতির চরে সূর্যোদয় দর্শন ও পিঠা উৎসব, চর বিজয়ের উদ্দেশে আনন্দভ্রমণ এবং সেলিব্রিটি বিচ ক্রিকেটের আয়োজন রয়েছে। দিনব্যাপী বাউল গানের আসর, দেশীয় ফ্যাশন শো, শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা, কমেডি শো ও সংগীতানুষ্ঠানও থাকবে। শেষে সম্মাননা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কার্নিভালের সমাপ্তি হবে।

কুয়াকাটার পর্যটন উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন সামীমুজ্জামান। তিনি বলেন, স্থানীয় উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল-মোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ী, পর্যটনসেবা প্রদানকারী, পরিবহনকর্মী, গাইড, হস্তশিল্পী ও খাদ্য উদ্যোক্তাদের জন্য পর্যটন একটি সম্ভাবনাময় অর্থনৈতিক ক্ষেত্র।

তিনি জানান, কুয়াকাটার পর্যটন উন্নয়নে স্থানীয় অর্থনীতি, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটকসেবার মানোন্নয়নকে সমন্বিতভাবে এগিয়ে নিতে কাজ করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। কুয়াকাটাকে আরও পরিকল্পিত, পরিচ্ছন্ন, নিরাপদ, পর্যটকবান্ধব ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

কার্নিভালের প্রচার ও ইতিবাচক ব্র্যান্ডিংয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন সামীমুজ্জামান। তাঁর মতে, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় মানুষের জীবনধারা, সংস্কৃতি, খাবার ও কার্নিভালের বিভিন্ন আয়োজন গণমাধ্যমে তুলে ধরা হলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কুয়াকাটা ভ্রমণে আরও উৎসাহিত হবেন। পাশাপাশি ডিজিটাল ও অনলাইন গণমাধ্যমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও কুয়াকাটার পরিচিতি বাড়ানো সম্ভব।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের কয়েকজন তারকা এবং কার্নিভাল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, ঢাকা টকিজ ও সানফ্লাওয়ার ৩৬০-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫
ঝিনাইদহে আওয়ামী লীগের দুই কর্মী আটক
দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী