শনিবার আকাশে দেখা যাবে ‘হারভেস্ট মুন’, কখন উঠবে চাঁদ?

শরতের প্রথম পূর্ণিমা হিসেবে পরিচিত ‘হারভেস্ট মুন’ দেখা যাবে শনিবার (২৬ সেপ্টেম্বর)। বাংলাদেশসহ ভারত ও আশপাশের অঞ্চলে সূর্যাস্তের পর পূর্ব আকাশে দেখা মিলবে এই পূর্ণিমার।
ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় (বিএসটি) অনুযায়ী শনিবার বিকাল ৫টা ৪৯ মিনিটে চাঁদ পূর্ণতম অবস্থায় পৌঁছাবে। এ সময় চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি অবস্থান করবে।
দিগন্তের কাছাকাছি চাঁদ ওঠার সময় সেটিকে স্বাভাবিকের তুলনায় কিছুটা বড়, উজ্জ্বল কিংবা হলুদ, কমলা বা লালচে দেখাতে পারে। তবে এটি হারভেস্ট মুনের কোনো বিশেষ বৈশিষ্ট্য নয়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘হারভেস্ট মুন’ নামটির সঙ্গে কৃষিকাজের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। শরৎ বিষুবের কাছাকাছি সময়ে যে পূর্ণিমা হয়, সেটিকেই সাধারণত হারভেস্ট মুন বলা হয়। অতীতে সূর্যাস্তের পরও দীর্ঘ সময় চাঁদের আলো পাওয়া যেত। এতে কৃষকেরা সন্ধ্যার পরও ফসল সংগ্রহ ও ঘরে তোলার কাজ চালিয়ে যেতে পারতেন।
হারভেস্ট মুন সব সময় সেপ্টেম্বরে দেখা যায় না। শরৎ বিষুবের সবচেয়ে কাছাকাছি পূর্ণিমার ওপর নির্ভর করে এটি কখনো সেপ্টেম্বরে, আবার কোনো কোনো বছর অক্টোবরে দেখা যায়। ২০২৬ সালে হারভেস্ট মুন হবে ২৬ সেপ্টেম্বর।
দিগন্তের কাছে চাঁদকে লালচে বা কমলা দেখানোর পেছনে রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডল। চাঁদ যখন দিগন্তের কাছে থাকে, তখন এর আলোকে মানুষের চোখে পৌঁছাতে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে তুলনামূলক বেশি পথ অতিক্রম করতে হয়।
এ সময় আলোর নীল তরঙ্গদৈর্ঘ্য বেশি বিক্ষিপ্ত হয়ে যায়। ফলে হলুদ, কমলা ও লাল রঙের আলো তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান হয়। চাঁদ আকাশে যত ওপরে ওঠে, এই লালচে আভা ততটাই কমে আসে।
হারভেস্ট মুনের আগের দিন শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে উজ্জ্বল চাঁদের ছবি তুলেছেন বাংলাদেশি অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কেওলিন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













