রংধনু গ্রুপের মালিকানাধীন
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক পদ থেকে অব্যাহতি নিলেন মারুফ কামাল খান

রংধনু গ্রুপের মালিকানাধীন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছেন সাংবাদিক মারুফ কামাল খান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
ইস্তফাপত্রে মারুফ কামাল খান বলেন, নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক হিসেবে একটি সময় ধরে কাজ করেছেন। এ সময়ের মধ্যে পত্রিকাটি তার প্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তবে ‘মনোদৈহিক অসামর্থসহ কিছু কারণে’ তিনি আর দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে পারছেন না বলে জানান।
এ কারণে দায়িত্ব থেকে তাৎক্ষণিক অব্যাহতি চেয়ে তিনি ইস্তফাপত্র দিয়েছেন।
প্রকাশকের উদ্দেশে দেওয়া ইস্তফাপত্রে মারুফ কামাল খান বলেন, ‘আমি আপনাকে এবং আপনার মাধ্যমে সাংবাদিকসহ এই প্রতিষ্ঠানের প্রতিটি সহকর্মীকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে কর্তব্য পালন সম্ভব হতো না। আমি তাদের সকলের সুস্থ ও সুন্দর জীবন এবং পেশাগত সাফল্য প্রত্যাশা করছি।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে এই পত্রিকা যে ব্যবসায়ী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেই রংধনু গ্রুপের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ প্রতিটি কর্মকর্তা-কর্মচারির প্রতিও আমার অনিঃশেষ ধন্যবাদ। আমি তাদের সকলের মঙ্গল কামনা করি।’
প্রকাশকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মারুফ কামাল খান লেখেন, ‘আমি যখন যেখানে যে অবস্থাতেই থাকি, আপনার সৌজন্য, বিনয় ও নম্রতা আমার স্মৃতিতে রয়ে যাবে।’
ইস্তফাপত্রের শেষে তিনি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভকামনা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টের শুরুতে মারুফ কামাল খান লেখেন, ‘আমার পেশাজীবনের নাতিদীর্ঘ একটি সফরে যতিচিহ্ন টানলাম আজ। প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম। চাকরিটা ছেড়ে দিলাম। সকলের দোয়া প্রার্থী।’
মারুফ কামাল খান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি পত্রিকাটির সম্পাদকীয় কার্যক্রমে যুক্ত ছিলেন।
(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













