সাইবার পুলিশ ইউনিটের উদ্বোধন কাল, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১
অ- অ+

সাইবার অপরাধ মোকাবিলায় নতুন একটি ইউনিট নিয়ে মাঠে নামছে বাংলাদেশ পুলিশ। আগামীকাল বৃহস্পতিবার বিকালে পুলিশ সদরদপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে ‘সাইবার পুলিশ ইউনিট’। নতুন এই ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল হোসেন। তিনি বর্তমানে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার রাতে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছে।

শুরু হচ্ছে বিদ্যমান জনবল দিয়ে

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো চিঠিতে স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে ইউনিটটির কার্যক্রম শুরু করা হবে।

তবে নতুন ইউনিটের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, নতুন পদের সংখ্যা, যানবাহন ও অন্যান্য লজিস্টিকস এখনো চূড়ান্ত হয়নি। প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণসহ পূর্ণাঙ্গ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত ও ডিজিটাল ফরেনসিক হবে সমন্বিত কাঠামোয়

সাইবার অপরাধের তদন্ত, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ এবং ডিজিটাল ফরেনসিকের কাজ বর্তমানে পুলিশের বিভিন্ন ইউনিটে পরিচালিত হচ্ছে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটসহ সংশ্লিষ্ট শাখাগুলো এসব কাজ করছে। নতুন ইউনিটের মাধ্যমে এসব সক্ষমতাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়েও থাকবে শাখা

গত ২৬ সেপ্টেম্বর পুলিশ সপ্তাহ ২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, সাইবার অপরাধ মোকাবিলায় আলাদা ইউনিট গঠন করা হবে। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে ইউনিটটি পরিচালিত হবে বলে তিনি জানান।

সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নতুন ইউনিটের শাখা মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে। থানা ও জেলা পর্যায়ে আধুনিক যন্ত্রপাতি এবং পুলিশ সদরদপ্তর ও বিভাগীয় পর্যায়ে বড় পরিসরের ফরেনসিক ল্যাবসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা রাখা হবে। জটিল মামলাগুলো কেন্দ্রীয় পর্যায়ে এবং স্থানীয়ভাবে বিশ্লেষণ সম্ভব এমন মামলাগুলো সংশ্লিষ্ট পর্যায়েই তদন্ত ও বিশ্লেষণ করা হবে।

উদ্বোধনের পর জানানো হবে কার্যক্রম ও কাঠামো

বৃহস্পতিবার বিকালে পুলিশ সদরদপ্তরে ‘সাইবার পুলিশ ইউনিট’ এর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। উদ্বোধনের পর প্রেস ব্রিফিংয়ে নতুন ইউনিটের কার্যক্রম ও কাঠামো নিয়ে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে।

এ ছাড়া নতুন ইউনিটের উদ্বোধন উপলক্ষে ঢাকায় কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানদের পুলিশ সদরদপ্তরের মূল ভবনের চতুর্থ তলার ‘হল অব ইন্টিগ্রিটি’ সম্মেলন কক্ষে ওয়ার্কিং ড্রেসে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সাইবার পুলিশ ইউনিটের প্রধানের দায়িত্বে ইকবাল হোসেন

পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন একটি সূত্র জানায়, নতুন এই ইউনিটের দায়িত্ব পাচ্ছেন অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তা গত ২৩ আগস্ট অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। পদোন্নতির পর তাকে পুলিশ হেডকোয়ার্টার্সের অডিট অ্যান্ড ইন্সপেকশন শাখায় অতিরিক্ত আইজিপির দায়িত্ব দেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় এবার ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে সাতক্ষীরার দুই বন্ধু সুদীপ্ত ও মুশফিক মনোনীত
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক গ্রেপ্তার
বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা