বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪
অ- অ+

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি কমে ১৩ ওভারে নেমে আসে।

জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস হেরে আগে ব্যাট করে ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এ জয়ে ফাইনালের টিকিট পেয়েছে তারা।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ২১ রানেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান, অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। তানজিদ ৭, লিটন ২ এবং ইমন করেন ১ রান।

এরপর সাইফ হাসান ১৭ বলে ১৯ রান করে ফিরলে আরও চাপে পড়ে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে দলের রান বাড়ান তাওহীদ হৃদয়। ২৫ বলে চারটি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।

মোসাদ্দেক হোসেন ১৬ বলে ১১ রান করেন। শেষদিকে শেখ মাহেদী হাসান ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে বাংলাদেশ পায় ১৯ রান, যার মধ্যে ১৫ রানই আসে ওয়াইড থেকে।

পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সুফিয়ান মুকিম। তিন ওভারে ২৬ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। আরাফাত মিনহাজ শিকার করেন দুটি উইকেট।

১১২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে বাংলাদেশ। দলীয় ৬ রানে সাহিবজাদা ফারহানকে ১ রানে ফেরান মাহেদী হাসান। ১৬ রানের মাথায় সাদাকাত হোসেনকে ১৫ রানে আউট করেন নাসুম আহমেদ।

এরপর সাইম আইয়ুব ১২ বলে ২১ রান করে মোস্তাফিজুর রহমানের শিকার হন। ওসমান খানও ৯ বলে ১৪ রান করে রিশাদ হোসেনের বলে আউট হলে ৫৩ রানেই চার উইকেট হারায় পাকিস্তান।

তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি হাসান নওয়াজ ও আব্দুল সামাদ। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা।

হাসান নওয়াজ ২২ বলে ২৭ রান করেন। তার ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা। অন্যদিকে আব্দুল সামাদ মাত্র ১৫ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা।

শেষ পর্যন্ত ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে নেয় পাকিস্তান। ফলে ৬ উইকেটের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।

বাংলাদেশের হয়ে মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।

ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

(ঢাকাটাইমস/১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে যাত্রা
ইথিওপিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৯, মামলা ৩১
হেলিকপ্টার দুর্ঘটনায় জিম্বাবুয়েতে ব্যবসায়ী দম্পতিসহ নিহত ৬