হেলিকপ্টার দুর্ঘটনায় জিম্বাবুয়েতে ব্যবসায়ী দম্পতিসহ নিহত ৬

জিম্বাবুয়ের মারোন্দেরা জেলায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির আলোচিত ব্যবসায়ী উইকনেল চিভায়ো ও তার স্ত্রী লুসি মুতেকে রয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি নিউজ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী হারারের দক্ষিণ-পূর্বে মারোন্দেরা জেলায় এ দুর্ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে চারজন যাত্রী ও দুজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং আরোহীদের মরদেহ পুড়ে যায়।
জিম্বাবুয়ে সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। তবে দুর্ঘটনার পরপরই নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশের মুখপাত্র পল নিয়াথি জানান, মরদেহ পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্তে সময় লাগছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে বলেও জানান তিনি।
পরে জেডবিসি নিউজ পারিবারিক একটি সূত্রের বরাতে জানায়, নিহতদের মধ্যে ৪৩ বছর বয়সী ব্যবসায়ী উইকনেল চিভায়ো ও তার স্ত্রী লুসি মুতেকে রয়েছেন।
চিভায়ো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিভিন্ন আঞ্চলিক নেতার সঙ্গে বৈঠক ও ব্যক্তিগত সাক্ষাতের ছবি প্রকাশ করতেন। তার পরিচিতদের মধ্যে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এবং ইসওয়াতিনির রাজা মসওয়াতি তৃতীয়ের নাম রয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/১ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











