তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন গ্রেপ্তার, রিভলভার ও গুলি উদ্ধার

রাজধানীর রামপুরায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে এসআরবি-৩। তার বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১টার দিকে রামপুরা থানার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা গেছে, পিচ্চি আলামিন দীর্ঘদিন ধরে রামপুরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নির্মাণাধীন ভবন, বাজার, দোকানপাট, টেম্পুস্ট্যান্ড, ডিস ব্যবসায়ী ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর রামপুরার বনশ্রী এলাকার ‘গ্রীনজোন অনলাইন’ নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ রয়েছে পিচ্চি আলামিনের বিরুদ্ধে। সেখানে তিনি এককালীন ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পাশাপাশি ব্যবসা পরিচালনা করতে হলে প্রতি মাসে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
এসআরবি-৩-এর একটি অভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে রামপুরার টিভি রোড এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি আলামিন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া চাঞ্চল্যকর কাইল্ল্যা পলাশ হত্যা মামলারও আসামি পিচ্চি আলামিন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













