পুলিশের দায়িত্ব ঠিকভাবে পালন করে মানুষের আস্থা অর্জন করতে চাই: এসপি মীর মনির

পুলিশের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে মানুষের আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়েছেন রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার (এসপি) মীর মনির হোসেন। তিনি বলেছেন, মানুষের আইনি অধিকার সমুন্নত রাখতে কাজ করতে চান।
বৃহস্পতিবার রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এসপি মীর মনির হোসেন।
মীর মনির হোসেন বলেন, রাজবাড়ীবাসীকে বলতে চাই, আমি এখানে পুলিশ সুপারগিরি করতে আসিনি। আমি মানুষের আইনের অধিকার সমুন্নত রাখার জন্য এসেছি। পুলিশের ওপর অর্পিত যে দায়িত্ব, সেটা যেন আমরা ভালোভাবে পালন করতে পারি এবং মানুষের কাছে প্রিয় হয়ে উঠতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাব।
সাধারণ মানুষের কথা পুলিশ প্রশাসনের মনোযোগ দিয়ে শোনা উচিত বলে মনে করেন নবাগত এই পুলিশ সুপার। তিনি বলেন, মানুষ চায় পুলিশ প্রশাসন যেন তাদের কথা শোনে। সাধারণ মানুষের কথা প্রশাসন ভালোভাবে শুনলেই তারা খুশি হন। এতে তাদের অর্ধেক কষ্ট লাঘব হয়ে যায়।
থানায় গিয়ে যেন সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার কথা জানিয়ে এসপি বলেন, এ বিষয়ে তিনি জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিষয়টি জানিয়েছেন। ওসিরাও এ ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, মানুষের আবেদন ও মনের দুঃখের কথা পুলিশকে শুনতে হবে। নিজেদের করার মতো কিছু থাকলে তা করতে হবে। আর কোনো বিষয় অন্য কোনো দপ্তরের মাধ্যমে সমাধানযোগ্য হলে সংশ্লিষ্ট দপ্তরে ফোন করে ভুক্তভোগীর সমস্যা সমাধানে অনুরোধ করতে হবে।
পুলিশ সদস্যদের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানো ঠেকাতে কঠোর থাকার কথা জানিয়ে মীর মনির হোসেন বলেন, কোনো পুলিশ সদস্য যেন অনৈতিক কাজে জড়িয়ে না পড়েন, সে বিষয়টি আমি শক্ত হাতে দমন করব।
পুলিশের প্রশিক্ষণ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অপব্যবহার যেন না হয়, সে বিষয়েও সতর্ক থাকার কথা জানান তিনি। ইতিমধ্যে থানা, পুলিশ লাইনস, আদালত ও ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে এসপি বলেন, তারা মানবাধিকারের পক্ষে থেকে মানুষের সেবা করবেন এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কাজে জড়াবেন না বলে তাকে আশ্বস্ত করেছেন।
এ সময় পুলিশ সুপার বলেন, রাজবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। অপরাধের ধরন ও সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদক, চুরি-ছিনতাই, কিশোর অপরাধসহ যেসব বিষয় জননিরাপত্তার জন্য উদ্বেগের কারণ, সেগুলো নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের বিভিন্ন অসংগতি ও অপরাধের তথ্য তুলে ধরেন। এসব তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশকে প্রয়োজনীয় ধারণা পেতে সহায়তা করে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জেলার বিভিন্ন সমস্যা ও অপরাধের তথ্য পুলিশকে জানালে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।
এসময় তিনি দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কাজ করবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













