উখিয়ার লম্বাঘোনায় বনভূমির প্লট দখল করে মুরগির খামার, উচ্ছেদ

কক্সবাজারের উখিয়ার লম্বাঘোনায় বন বিভাগের জায়গা দখল করে নির্মাণ করা একটি মুরগির খামার উচ্ছেদ করেছে বন বিভাগ। বনভূমি ও সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, বন বিভাগের জমি দখল করে স্থাপনা নির্মাণের ঘটনা নতুন নয়। বিশেষ করে উখিয়া থেকে টেকনাফ সড়কের দু'পাশের সরকারি বন বিভাগের জমিতে নানা ধরনের স্থাপনা গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এসব স্থাপনার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান, বসতঘর ও অন্যান্য অবকাঠামোও রয়েছে।
অবৈধ স্থাপনার বিরুদ্ধে বন বিভাগের উচ্ছেদ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশ সচেতন মহল। তবে একই সঙ্গে তাদের প্রশ্ন-যেসব স্থাপনা দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে অবস্থান করছে, সেগুলোর বিষয়ে বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী? তারা কি বনভুমি রক্ষাসহ পরিবেশ নিয়ে কার্যকরী পদক্ষেপ নেবেন কি?
এসব স্থাপনা যদি সত্যিই বন বিভাগের জমি বা সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত হয়ে থাকে, তাহলে সেগুলোর বৈধতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কি না- এখন সেটিই দেখার বিষয়।
স্থানীয়দের অভিযোগ, কোথাও উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে, আবার কোথাও দীর্ঘদিন ধরে স্থাপনা বহাল রয়েছে। ফলে উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতা ও সবার ক্ষেত্রে একই আইন প্রয়োগ হচ্ছে কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
পরিবেশ ও বন রক্ষা শুধু বন বিভাগের দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। তবে একই সঙ্গে সরকারি ও বনভূমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি, সীমানা নির্ধারণ এবং দখল প্রতিরোধে কার্যকর পদক্ষেপও জরুরি।
উখিয়া রেজ্ঞ কর্মকর্তা বলেন, আমাদের অভিযান চলবে। তবে লোকবল সংকটে একটু বাধাগ্রস্থ হচ্ছে কাজ। তিনি একমাসে প্রায় ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ১৫ একর বনভুমি উদ্ধার হয়।
স্থানীয়দের প্রত্যাশা, লম্বাঘোনায় একটি স্থাপনা উচ্ছেদের মধ্যেই অভিযান সীমাবদ্ধ না রেখে উখিয়া-টেকনাফ সড়কের দুই পাশে বন বিভাগের জমি ও সরকারি জায়গায় গড়ে ওঠা স্থাপনাগুলোর নিরপেক্ষ জরিপ, কাগজপত্র যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া।
কারণ বনভূমি রক্ষায় অভিযান তখনই কার্যকর হবে, যখন তা হবে ধারাবাহিক, স্বচ্ছ ও সবার জন্য সমানভাবে প্রযোজ্য।
(ঢাকাটাইমস/১অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













