রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা

রাজবাড়ী জেলা থেকে বদলি হয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ। পরবর্তী কর্মস্থল হাইওয়ে পুলিশে যোগ দিতে রবিবার জেলার নতুন এসপি মীর মনির হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন তিনি।
এদিন রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিলশেডে মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভার আয়োজন করে জেলা পুলিশ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা মনজুর মোরশেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। এসময় তারা এই পুলিশ কর্মকর্তার সততা, নেতৃত্ব, দূরদর্শিতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের সুস্বাস্থ্য, সাফল্য ও ভবিষ্যৎ কর্মজীবনের সমৃদ্ধি কামনা করেন জেলা পুলিশের সদস্যরা।
গত বছরের নভেম্বর মাসে রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন ২৫তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ মনজুর মোরশেদ। দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে নেতৃত্ব দেন তিনি। তার দায়িত্বকালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর দুটি আসনে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











