‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৯
অ- অ+

ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক বলেছেন, বেয়াদব ডেঙ্গু মশা আগে শুধু দিনে কামড়ালেও এখন রাতেও কামড়ায়। এই মশা শুধু পরিষ্কার পানিতেই নয়, ময়লা পানিতেও জন্ম নেয়। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে।

রবিবার বিকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে আয়োজিত তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ও মশক নিধন কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মো. আজমুল হক এবং জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান অর্ধশতাধিক শ্রমিককে সঙ্গে নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট এবং জেলা পরিষদ প্রাঙ্গণের জঙ্গল ও আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রমে সরাসরি অংশ নেন।

এ সময় আজমুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল মশক নিধন করলেই চলবে না, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। বাড়িঘর, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান জানান, ডেঙ্গু মশা এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং এরা দিনে-রাতে সবসময়ই আক্রমণ করছে। তাই নাগরিকদের নিজেদের বাসাবাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখতে হবে। সচেতনতা বাড়াতে জেলা পরিষদের পক্ষ থেকে আগামী তিন মাস জুড়ে জেলার সর্বত্র এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’
যাত্রাবাড়ীতে ৪০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় খামারিদের পাশে আনসার-ভিডিপি, বিনামূল্যে মিলল পশুর চিকিৎসাসেবা
পুলিশ হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’