যাত্রাবাড়ীতে ৪০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩

রাজধানীর যাত্রাবাড়ীতে ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ও মোবাইলের লক-আনলক এবং আইএমইআই পরিবর্তনের সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ীর শেকদি বটতলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–মো. শাহজাহান (২৯), মাসুম হোসেন (২৪) ও মো. জাহেদ (২৫)।
যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেকদি বটতলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪০টি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ডেস্কটপ সিপিইউ এবং মোবাইলের লক-আনলক ও আইএমইআই পরিবর্তনের কাজে ব্যবহৃত বিশেষ ডিভাইস উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












