বগুড়ায় খামারিদের পাশে আনসার-ভিডিপি, বিনামূল্যে মিলল পশুর চিকিৎসাসেবা

বগুড়ার শেরপুর উপজেলায় খামারি ও পশুপালনকারীদের জন্য বিনামূল্যে পশুর টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। রোববার খামারকান্দী ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ ভ্যাকসিনেশন ও ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এবং খামারকান্দী ইউনিয়ন দলনেতার উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে স্থানীয় খামারি ও পশুপালনকারীদের বিভিন্ন পশুর জন্য বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়। পাশাপাশি পশুর বিভিন্ন রোগের চিকিৎসা ও স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়াজ কাযমীর রহমান ভ্যাকসিনেশন ও ভেটেরিনারি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় স্থানীয় খামারিরা তাঁদের পশুর স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেন। পশুর রোগ প্রতিরোধ ও পরিচর্যার বিষয়েও তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রামীণ পর্যায়ে পশুপালন ও খামারভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত মানুষের প্রয়োজনীয় সেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় খামারি ও পশুপালনকারীরা সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় সেবাপ্রত্যাশীরা বলেন, প্রত্যন্ত এলাকায় এ ধরনের সেবামূলক কার্যক্রম তাঁদের জন্য উপকারী। তাঁরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণেও বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে বাহিনীর সদস্যরা সম্পৃক্ত রয়েছেন। শেরপুরের এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় খামারি ও পশুপালনকারীদের প্রয়োজনীয় সেবা দেওয়ার পাশাপাশি তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করার চেষ্টা করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













