রাশিয়ার এলব্রুসের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন পর্বতারোহী শাকিল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫
অ- অ+

ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রুসের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন এভারেস্টজয়ী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। ২৬ সেপ্টেম্বর রাশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় তিনি এলব্রুসের চূড়ায় পৌঁছান।

তবে এলব্রুস জয় করতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় শাকিলকে। গত ২৫ সেপ্টেম্বর ভোরে তাঁর সামিট পুশে যাওয়ার পরিকল্পনা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান পরিচালনাকারী এজেন্সি তা বাতিল করে।

এর আগে টানা দুই দিনের তুষারপাতে এলব্রুসের চূড়ার দিকে যাওয়ার পথ হাঁটুসমান নরম বরফে ঢেকে যায়। প্রতিকূলতা সত্ত্বেও শুক্রবার রাতে চূড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন শাকিল। তাঁর সঙ্গে ছিলেন সহ-পর্বতারোহী হিদার ও গাইড অ্যালেক্স।

শাকিলদের দেখে আরও দুটি দল সামিট পুশের সিদ্ধান্ত নেয়। তবে কিছুদূর যাওয়ার পর আবহাওয়া আরও খারাপ হয়ে যায়। হিমশীতল ঝোড়ো হাওয়া, তুষারঝড় ও তীব্র তুষারপাতের কারণে সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। বারবার বরফের মধ্যে পা ডুবে যাচ্ছিল এবং পথ খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়ে।

একপর্যায়ে আবহাওয়া আরও প্রতিকূল হওয়ায় অন্য দুটি দল ফিরে যায়। তবে শাকিল, হিদার ও অ্যালেক্স এগিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত তিনজন একসঙ্গে মাউন্ট এলব্রুসের চূড়ায় পৌঁছান। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ান শাকিল।

এলব্রুসের চূড়ায় পৌঁছে শাকিল বলেন, ২৫ সেপ্টেম্বরের পূর্বাভাসে আবহাওয়া কিছুটা শান্ত হওয়ার আভাস থাকলেও এলব্রুসে আরোহনের ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস খুব একটা কাজে আসে না। পাহাড়ের বিরূপ আচরণ সত্ত্বেও তাঁরা ফিরে আসেননি।

তিনি বলেন, ‘পাহাড় কখনো কখনো মানুষের শক্তি মাপে না। সবকিছু যখন ফিরতে বলে, তখনো সে কতদূর যেতে রাজি, সেটাই মাপে। আর এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এলব্রুস চূড়ায় দেশের পতাকা ওড়াতে পেরে আমি গর্বিত।’

অভিযানটির আয়োজন করে রাশিয়ান হাউজ ইন ঢাকা এবং বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে টার্কিশ এয়ারলাইন্স ও জীবন ও প্রকৃতি ফাউন্ডেশন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর ‘বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান’ উপলক্ষে ঢাকার রাশিয়ান হাউজে শাকিলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। পরে ১৯ সেপ্টেম্বর রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

অভিযান শেষে শিগগিরই মস্কো হয়ে দেশে ফেরার কথা রয়েছে এভারেস্টজয়ী এই বাংলাদেশি পর্বতারোহীর।

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুটপাট, শাহ আলী থানার ওসিকে সদরদপ্তরে সংযুক্ত
ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ
কামরাঙ্গীরচরে ভবনের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার