কামরাঙ্গীরচরে ভবনের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি পাঁচতলা ভবনের নিচ থেকে হৃদয় (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মাতবর বাজার এলাকার ওয়ালটন বিল্ডিংয়ের পেছনে এ ঘটনা ঘটে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম।
তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি পাঁচতলা ভবনের নিচে ওই যুবকের মরদেহ পড়ে আছে। ভবনটিতে ভাড়াটিয়ারা বসবাস করেন। ভবনের মালিক ভাড়া দিয়ে অন্যত্র থাকেন বলে জানা গেছে। ভবনটির দুই পাশে টিনশেড বাড়ি এবং মাঝখানে ফাঁকা জায়গায় ভবনটি অবস্থিত।
পুলিশের ধারণা, ওই যুবক ভবনটিতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। একপর্যায়ে ভবন থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে কীভাবে তিনি ভবনটির নিচে পড়ে গেলেন, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পাঁচতলায় চুরি করতে গিয়ে লোকজনের উপস্থিতি টের পেয়ে ওই যুবক নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, নিহত হৃদয়ের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। তিনি পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













