কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে আটক ২৫৪

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত জেলার ১৮ থানায় একযোগে পরিচালিত এ অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়েছে।
আজ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
জেলা পুলিশ জানায়, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা ও কিশোরদের আড্ডাস্থলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ জানিয়েছে, আটক ২৫৪ জনের মধ্যে কারও অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের প্রমাণ পাওয়া যাবে না, তাদের ছেড়ে দেওয়া হবে।
এর আগে গত বুধবার রাতেও জেলার ১৮ থানায় একইভাবে সাঁড়াশি অভিযান চালানো হয়। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করেছিল পুলিশ। তাদের মধ্যে ৪৫১ জন কিশোরকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের বিরুদ্ধে মাদক, নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
সাম্প্রতিক অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নজরদারি ও ধারাবাহিক অভিযান জোরদার করেছে জেলা পুলিশ।
(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













