ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩
অ- অ+

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রোববার (২৭ সেপ্টেম্বর)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

এ উপনির্বাচনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া এবং উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণের কথা রয়েছে।

এরই মধ্যে কয়েকজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এর আগে ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কামরাঙ্গীরচরে ভবনের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার
শক্তিশালী ঝড় ‘নরইস্টার’-এর আঘাতে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জনের মৃত্যু
ভয়াবহ বন্যায় পানির নিচে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, দুর্যোগকবলিত ঘোষণা