দুর্গাপূজার ছুটি পাবেন না যারা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন। তবে এই ছুটি সবার জন্য প্রযোজ্য হবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে কয়েকটি জরুরি সেবা ও প্রতিষ্ঠানকে সাধারণ ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। বুধবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাকসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা সাধারণ ছুটি পাবেন না। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন।
হাসপাতাল ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদেরও সাধারণ ছুটি প্রযোজ্য হবে না। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীদেরও কাজে থাকতে হবে।
এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
এদিকে, দুর্গাপূজার ছুটির সঙ্গে সমন্বয় করতে আগামী ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











