'মানসম্মত শিক্ষা ছাড়া দক্ষ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:১৫
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা অঞ্চলের অধিভুক্ত বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম এবং কলেজগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) খুলনায় সরকারি ব্রজলাল (বিএল) কলেজের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বকুল। সম্মানিত অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষক ও শিক্ষার্থীদের আবার শ্রেণিকক্ষ ও শিক্ষার পরিবেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের কাজ চলছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ বছরের পুরোনো কারিকুলাম ও সিলেবাস পরিবর্তনের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার ২০০টি কোর্সের মধ্যে ইতোমধ্যে ৪০০টি কোর্স পুনর্মূল্যায়ন ও সংশোধন করা হয়েছে। আরও প্রায় ৩ হাজার ৮০০টি কোর্সের কাজ বাকি রয়েছে। এগুলো সংস্কারের কাজ চলমান আছে।’

ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কয়েকটি কলেজ ভালো করলেই শিক্ষার সামগ্রিক উন্নয়ন হবে না। বিএল কলেজ বা বিএম কলেজের মতো কয়েকটি প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোর শিক্ষার মানও উন্নত করতে হবে। কারণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা না গেলে দক্ষ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা কঠিন হবে।

অধ্যাপক আমানুল্লাহ বলেন, গত দেড় দশকে শিক্ষাব্যবস্থায় রাজনীতির প্রভাব যেভাবে বেড়েছে, তা নিয়ে নতুন করে ভাবতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মূল কাজ হচ্ছে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে তোলা। সেই জায়গায় ফিরে যেতে হবে।

বর্তমান বিশ্বের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমকে ঢেলে সাজানোর কথা তুলে ধরে ভাইস-চ্যান্সেলর বলেন, ‘বিশ্ব যেদিকে এগিয়ে যাচ্ছে, আমাদেরও সেদিকে যেতে হবে। শুধু প্রচলিত শিক্ষার ওপর নির্ভর করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে না। শিক্ষার্থীদের এমন দক্ষতা দিতে হবে, যা দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও কাজে লাগবে। এ ক্ষেত্রে হসপিটালিটি ম্যানেজমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষা অপরিহার্য।

খুলনা অঞ্চলের ৩৩৮টি কলেজকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় এককভাবে কোনো প্রতিষ্ঠানকে নয়, অধিভুক্ত সব কলেজের শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চায়। কলেজগুলোর বাস্তব সমস্যা চিহ্নিত করে সমাধানে বিশ্ববিদ্যালয় পাশে থাকবে। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রফিকুল ইসলাম বকুল এমপি। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তা কোনোভাবেই ক্যাম্পাসের পরিবেশে প্রভাব ফেলতে দেওয়া যাবে না। আদর্শ, নীতি ও জ্ঞান দিয়ে মতপার্থক্য ও পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কলেজের স্বার্থকে সবার আগে রাখতে হবে।

শিক্ষার পরিবেশের পাশাপাশি সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে জ্যেষ্ঠ নাগরিক ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর যে সংস্কৃতি ছিল, তা ফিরিয়ে আনতে হবে। সমাজে মূল্যবোধের যে অবক্ষয় দেখা দিয়েছে, তা থেকে বেরিয়ে আসতে শিক্ষকদেরই পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে হবে।

সভায় বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো, শিক্ষকসংকট, শিক্ষার্থীদের উপস্থিতি, সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কলেজ পর্যায়ে আরও সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ভাইস-চ্যান্সেলর কলেজগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভায় খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষসহ খুলনা অঞ্চলের ৩৩৮টি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/৮অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা ও মতিঝিলে হারিয়ে যাওয়া দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
নজরুল ইসলাম মজুমদারের গুলশানের ভবন ক্রোক
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ, আসামির ৬০ বছরের কারাদণ্ড  
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয়, পলাতক অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত