ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন পুরোপুরি ব্যর্থ: মাসুদ সাঈদী  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৬, ১৯:১৫
অ- অ+

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি বলেন, বরিশাল বিভাগের মধ্যে পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি শীর্ষে থাকা লজ্জাজনক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ডেঙ্গুর এই সমস্যা শুধু পিরোজপুরে নয়, এটা সারা বাংলাদেশে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, বরিশাল বিভাগের মধ্যে পিরোজপুরে শীর্ষ অবস্থান করছে ডেঙ্গু। যেটা আমাদের জন্য খুব লজ্জাজনক। আমাদের জনগণ সবাই সঠিকভাবে সচেতন—এমনটা দাবি করছি না। জনগণের অসাবধানতার পাশাপাশি প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রয়োজন ছিল। সেটা তারা করতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি।

তিনি বলেন, প্রশাসনের কাছে বারবার, জেলা প্রশাসন হোক কিংবা পৌর প্রশাসন হোক, আমাদের পিরোজপুর পৌরসভাকে অবহিত করার পরেও ডেঙ্গু, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রাস্তাঘাট ইত্যাদি বিষয়ে তাদের অবহিত করার পরেও তাদের একটাই বক্তব্য থাকে—বরাদ্দ নেই। বরাদ্দ আনার জন্য তো বরাদ্দ চাইতে হবে। বরাদ্দ চাওয়ার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কতবার বলা হয়েছে, আমার সহযোগিতা কতটুকু নেওয়া হয়েছে—এটা একটা প্রশ্নের বিষয়। তারা নিজেরা কিছু করে থাকলে সেটা আমাকে না জানিয়ে করেছে, আমি জানি না। এ বিষয়ে তারা কোথায় কী চেয়েছে, সেটিও জানি না।

জনগণের প্রত্যাশা অনুযায়ী রাস্তাঘাট ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কষ্ট, দুঃখ ও দুর্দশা সঠিকভাবে অনুধাবন করতে পারবেন এবং পরিকল্পিত পৌরসভা গড়তে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকসহ জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে সাত দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা ও মতিঝিলে হারিয়ে যাওয়া দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
নজরুল ইসলাম মজুমদারের গুলশানের ভবন ক্রোক
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ, আসামির ৬০ বছরের কারাদণ্ড  
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয়, পলাতক অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত