বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ, আসামির ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ার কাহালুতে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের দায়ে নুর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে দুটি মামলায় ৩০ বছর করে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই মামলায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নুর ইসলাম কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ মার্চ আড়োলা আবাসন প্রকল্পে নিজের ঘরে নিয়ে খাবার ও টাকা দেওয়ার কথা বলে দুই শিশুকে ধর্ষণ করে নুর ইসলাম। এ ঘটনা কাউকে জানালে তাদের হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন এক শিশু জ্বরে আক্রান্ত হয়। অপর শিশুর শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে বিষয়টি জানাজানি হলে এক শিশুর মা বাদী হয়ে কাহালু থানায় মামলা করেন।
মামলার পর পুলিশ দুই শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে নুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। সাক্ষীদের সাক্ষ্য, অন্যান্য প্রমাণ এবং দুই শিশুর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত নুর ইসলামকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল মান্নান বলেন, দুটি পৃথক মামলায় আদালত নুর ইসলামকে ৩০ বছর করে মোট ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আইন অনুযায়ী একটি সাজা শেষ হওয়ার পর অপর সাজা কার্যকর হবে।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী দুই মামলায় আরোপ করা মোট এক লাখ টাকা জরিমানা আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে আদায় করা হবে। পরে ওই অর্থ ভুক্তভোগী দুই শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ রয়েছে।
(ঢাকা টাইমস/৮অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












