বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর, বস্ত্র ও পাটে লতিফ মোল্লা

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমর। আর বিআরটিসির বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমরকে বদলিপূর্বক প্রেষণে বিআরটিসির চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। তার ন্যস্তকৃত বিভাগ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নাম উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে বিআরটিসির বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে তাকে বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) পদ থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়নের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল লতিফ মোল্লাকে আগামী ১৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।
জনস্বার্থে জারি করা এ দুটি আদেশই অবিলম্বে কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











